কারাগারে ধুঁকে মারা গেলেন মাদক সম্রাট ফেলিক্স গালার্দো

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ও ‘বস অব বসেস’ হিসেবে পরিচিত মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গালার্দো ৮০ বছর বয়সে মারা গেছেন বলে জানিয়েছে মেক্সিকান কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

পশ্চিম মেক্সিকোর জালিস্কোর পুয়েন্তে গ্রান্দে কারাগার থেকে গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পর সেখানেই তার মৃত্যু হয়। জালিস্কো কর্তৃপক্ষ শুক্রবার থেকে তার স্বাস্থ্যের অবনতির কথা জানিয়েছিল এবং জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টার দিকে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে তিনি মারা যান।

গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা গালার্দো ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে মেক্সিকোর আধুনিক মাদক পাচার শিল্পের অন্যতম প্রধান স্থপতি ছিলেন। তার সংগঠন কলম্বিয়ার কোকেন পাচারকারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল এবং যুক্তরাষ্ট্রে মাদক পাচারের প্রধান রুটগুলো তৈরি করতে সহায়তা করেছিল।

‘জেফে দে জেফেস’ বা ‘বস অব বসেস’ এবং ‘এল পাদ্রিনো’ বা ‘দ্য গডফাদার’ উপাধিতে পরিচিত গালার্দো মেক্সিকোর ইতিহাসে অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী মাদক সম্রাট ছিলেন। মাদক পাচার ও অস্ত্র আইনের অপরাধে ৪০ বছর এবং মার্কিন ডিইএ এজেন্ট এনরিকে ‘কিকি’ কামারেনা ও মেক্সিকান পাইলট আলফ্রেদো জাভালা আভেলারকে অপহরণ ও হত্যার দায়ে আরও ৩৭ বছরসহ মোট ৭৭ বছরের কারাদণ্ড ভোগ করার সময় তার মৃত্যু হলো।

১৯৮৯ সালের এপ্রিল থেকে কারাবন্দি থাকা ফেলিক্স গালার্দোর আইনজীবীরা কয়েক বছর ধরে তাকে গৃহবন্দি করার জন্য আইনি লড়াই চালিয়ে আসছিলেন। তাদের যুক্তি ছিল যে বার্ধক্য এবং দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও চলাচলের গুরুতর সমস্যাসহ স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে কারাগারে তার থাকা কঠিন হয়ে পড়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে একজন ফেডারেল বিচারক তার গৃহবন্দির আবেদন মঞ্জুর করলেও মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সেই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং শেষ পর্যন্ত তাকে আর কারাগারের বাইরে স্থানান্তর করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ