সমালোচনার মুখে হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয় এবং বেলা ১২টা ১ মিনিটে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে।

ট্রাইব্যুনালে আনার সময় জিয়াউল আহসানকে হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল এবং তার মাথায় হেলমেট দেখা গেছে। এ ছাড়া প্রিজনভ্যান থেকে নামানোর পর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকি আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের সবাইকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

আজ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় মোট আসামির সংখ্যা ৪১ জন।

ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

আদালত প্রাঙ্গণে আনার সময় হাসানুল হক ইনু, আবদুল লতিফ সিদ্দিকীসহ প্রায় সব আসামির মুখেই গাম্ভীর্য দেখা যায়। তবে ব্যতিক্রম ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু; তার মুখে স্বাভাবিক হাসি দেখা গেছে।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।
ইত্তেফাক/আইএ