রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৪:১৩

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন অন্তর ও উপদপ্তর সম্পাদক জুবায়ের।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে ধানমণ্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে গোয়েন্দা সংস্থা ও পুলিশের একটি দল। এসময় সেখানে বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ইত্তেফাক ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতা আইনে মামলা রয়েছে, তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, রোববার রাতেই ছাত্রলীগের তিন নেতাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা ওই তিনজনকে আটক করছেন। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনতা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভিডিওতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিজেদের পরিচয় গোপন রাখতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের পরিচয় ব্যবহার করার চেষ্টা করেন তারা। তবে বিএনপির নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের মুখে নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন।

জানা গেছে, প্রান্ত সিদ্দিক ঢাকার জিগাতলায় স্বপ্নের পাশের একটি বাসায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করেন। অপর নেতা আল আমিন অন্তরও ঢাকায় অবস্থান করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।

ইত্তেফাক/এটিএন