জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব প্রকাশ করতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৬

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, জলবায়ু খাতে পরিবর্তনের সুনির্দিষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার। 

তিনি বলেন, বর্তমান সরকার দৃশ্যমান পরিবর্তন আনতে এবং প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

আজ তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এবং সুইজারল্যান্ডের সহায়তায় ‘কল কনসোর্টিয়াম’ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। আজ ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে বিভিন্ন উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে এমন কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, সরকারের লক্ষ্য কেবল পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রতিশ্রুতি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, বরং বাস্তবায়নের মাধ্যমে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করা। জলবায়ু খাতে কী ধরনের পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি হয়েছে এবং এসব উদ্যোগ জনগণের জীবনে কী প্রভাব ফেলেছে, তার সুস্পষ্ট হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও বলেন, সরকার এমনভাবে কাজ করছে, যাতে পাঁচ বছর পর জনগণ সুনির্দিষ্ট তথ্য, বাস্তব অগ্রগতি ও পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন এবং সেই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, কার্যকর অভিযোজন কার্যক্রম নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় অপরিহার্য। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর নীতিবিষয়ক প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান।

প্যানেল আলোচনায় বক্তা হিসেবে অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সুশাসন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা, পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন বিষয়ক পরিচালক মির্জা শওকত আলী, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর পরিবেশ, জলবায়ু ও জনগোষ্ঠীবিষয়ক বিভাগের প্রধান কারিগরি বিশেষজ্ঞ জাহান-জেব চৌধুরী এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলাম।

ইত্তেফাক/এএম