গাজীপুরের কালীগঞ্জে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, কোনো শক্ত বস্তু দিয়ে মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী শ্মশানঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ইটভাটার ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের টি-শার্ট। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা চিহ্ন রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার তৈরি কোনো শক্ত বস্তু দিয়ে ওই যুবককে আঘাত করা হয়েছে। এতে গুরুতর জখম ও রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় জানার জন্য পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হচ্ছে।
