জরুরি সেবা নাম্বার ৯৯৯ ফোন করে এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা-বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল নামে ওই যুবকের ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ডের আদেশ দেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সাইফুল সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের আবুল বশরের ছেলে। সোমবার তার মা-বাবা জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন করে তার বিরুদ্ধে মাদকাসক্তি ও মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগ দেয়। পরে পুলিশ সাইফুলকে আটক করে। সর্বশেষ ইউএনও মো. এরফানুল হক চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযুক্ত সাইফুল নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। এসময় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ ইএনও মো. এরফানুল হক চৌধুরী সোমবার রাতে ইত্তেফাক ডিজিটালকে বলেন, আদালতের আদেশের পরপরই তাকে (সাইফুলকে) কারাগারে জন্য সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
