গোলাপগঞ্জ ও সিলেটের বিয়ানীবাজারসহ দেশের প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ঋণের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ বলেও জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ঋণ কর্মসূচি চালু রেখেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনের জন্য ঋণ সহায়তা দিয়ে আসছে।
বিদেশফেরত প্রবাসীদের মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রতি পর্যায়ে এক হাজার কোটি করে তিন পর্যায়ে মোট তিন হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে। এ কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের পর তৃতীয় পর্যায়টির বাস্তবায়ন চলমান রয়েছে। গ্রাহক পর্যায়ে এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ।
এ ঋণের মাধ্যমে বিদেশগমনেচ্ছু ও বিদেশফেরত প্রবাসীদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই প্রাক-অর্থায়ন ঋণের আওতায় প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন সুবিধাভোগী ঋণ সুবিধা নিয়েছেন।
অর্থমন্ত্রী জানান, সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘উদ্যোগ’ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের চাহিদা ও মূল্যায়ন সাপেক্ষে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদানসহ মোট ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ রয়েছে। কর্মসূচিটি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
