রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় পপুলার হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে পপুলার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার এলাকায় এরকম কোনো ঘটনা নাই। এটি বাড্ডা থানা এলাকায় ঘটেছে।’
পরবর্তীতে বিষয়টি স্বীকার করে তিনি জানান, দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ওখানে দায়িত্বে থাকা পুলিশ তিনজনকে আটক করেছে। থানায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম পাল্টা দাবি করে বলেন, ‘তিন আসামিকে গুলশান থানা পুলিশ নিয়ে গেছে। আর শাহজাদপুর পপুলার হাসপাতাল আমার থানা এলাকায় পড়েনি। এটা গুলশান থানা এলাকায় পড়েছে।’
