ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

  • বাব আল-মান্দেব থেকে ইয়েমেনি বাহিনী সরে দাঁড়ানোর পর নিয়ন্ত্রণ হুথিদের
  • সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিল হুথিরা
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯

ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে শহরটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে এডেনের প্রতিরক্ষা জোরদার করতে বাব আল-মান্দেব প্রণালির কাছের অবস্থানগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার। এদিকে বাব আল-মান্দেব থেকে ইয়েমেনি বাহিনী সরে দাঁড়ানোর পর এর নিয়ন্ত্রণ নিল হুথিরা। এছাড়া ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিল হুথিরা।

গত ১৫ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকার অবস্থান থেকে সেনাদের সরিয়ে নতুন করে মোতায়েন করা হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় এই বাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক। সামরিক ও সরকারি সূত্রের বরাতে জানা গেছে, প্রতিবেশী লাহিজ প্রদেশের দুটি জেলা দখলে নেওয়ার পর হুথিরা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের অবস্থানে পৌঁছেছে। যদিও শহরটির চারপাশে প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে শুরু করেছে সরকারি বাহিনী। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সেনারা শহরটির চারপাশে পরিখা খনন এবং বালুর বস্তা দিয়ে দেওয়াল ও দুর্গ তৈরি করছে। তবে হুথিরা সামনে আরো অগ্রসর হলে এটি কতটা কার্যকর হবে তা নিশ্চিত নয়। দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী বলেছে, তাদের প্রধান অগ্রাধিকার হলো ‘রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা'। একই সঙ্গে তাইজ শহরের অবরোধ ভাঙার প্রচেষ্টাসহ হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে ভিন্ন দাবি করেছে হুথিরা। তাদের সংবাদ সংস্থা সাবার বরাতে এক সামরিক সূত্র বলেছে, সরকারি বাহিনী বিভিন্ন অবস্থান ও সরবরাহের পথ হারিয়ে হুথিদের চাপের মুখে পিছু হটছে। হুথি সামরিক সূত্রগুলোও জানিয়েছে, সরকারি সেনারা সরে যাওয়ার পর তারা উপকূলীয় কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সেপ্টেম্বরে লোহিত সাগর উপকূলের যেসব এলাকা হুথিরা দখল করেছিল, সেগুলো পুনরুদ্ধারে ছয় সপ্তাহ ধরে পালটা অভিযান চালায় সরকারি বাহিনী। অক্টোবরে ধুবাবসহ কয়েকটি অবস্থান পুনর্দখলও করে। তবে তাইজের আশপাশে এবং এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রায় সরকারি বাহিনীর অভিযান ক্রমেই চাপে পড়েছে। ২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে এডেনকে কেন্দ্র করে সরকার পরিচালনা করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশাসন। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল। তবে চলতি গ্রীষ্মে আবারও সংঘাত তীব্র হয়ে ওঠে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে সংঘাত বেড়ে যাওয়ায় গত ১ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন তাইজ প্রদেশে। গত ১৫ নভেম্বর ইউএনএইচসিআর সতর্ক করে জানায়, লাহিজ প্রদেশের খারাজ শরণার্থী শিবির পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে শিবিরটির প্রায় ৯ হাজার ৬০০ শরণার্থী ঝুঁকির মুখে পড়েছেন। সংস্থাটি সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার পাশাপাশি যারা শিবির ছেড়ে যেতে চান, তাদের নিরাপদে বের হওয়ার পথ করে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে বাব আল-মান্দেব থেকে ইয়েমেনি বাহিনী সরে দাঁড়ানোর পর এর নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি আরব- সমর্থিত সরকারের পক্ষে লড়াই করা ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল- মান্দেব প্রণালির সম্মুখভাগের একটি এলাকা থেকে পিছু হটছে, ফলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ঐ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
বাব আল-মান্দেব এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর পিছু হটার ফলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথের ওপর হুথিদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরো বাড়ল। আরব উপদ্বীপের অন্য প্রান্তে ইরান যখন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক সেই সময় এ ঘটনা বিশ্বব্যাপী নৌবাণিজ্যের ওপর বড় ধরনের চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জোড়া সংকট উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে তাদের জাহাজ চলাচলের প্রধান পথ থেকে আরো বিচ্ছিন্ন করবে। বাব আল-মান্দেব প্রণালি বিশ্ব জুড়ে সমুদ্রপথে পণ্য ও কাঁচামাল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জলপথ; বিশেষ করে মিশরের সুয়েজ খাল হয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পাঠানোর ক্ষেত্রে। দক্ষিণ ইয়েমেনি বাহিনী জানিয়েছে যে, তারা এডেনের দিকে (যেখানে সরকারের মূল ঘাঁটি অবস্থিত) নতুন করে সেনা মোতায়েন করছে। কারণ, রাজধানী সানা এবং ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলোসহ উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা এখনো সরকারের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। ইয়েমেনের সাউদার্ন আর্মড ফোর্সেস এক বিবৃতিতে বলেছে, তারা তাইজ গভর্নরেটের পশ্চিমে অবস্থিত ধুবাব বিমানবন্দর এবং বাব আল-মান্দেব এলাকা থেকে তাদের সেনাদের নতুন করে অন্যখানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা জোরদার এবং বিদ্যমান হুমকি মোকাবিলাকে অগ্রাধিকার দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গত রবিবার তাদের রাজধানী সানায় এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস। সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর সরকারি বাহিনীর এসব যোদ্ধাকে আটক করা হয়। এবার হুথিরা ৬০০ সরকারি সেনাকে কোনো বিনিময় ছাড়া মুক্তি দিল। সানার বন্দি বিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দেলকাদের আল-মুর্তাদা বলেন, কোনো বিনিময় ছাড়া এটিই সবচেয়ে বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ইতিহাস। তিনি জানান, এর আগে আরো ২ হাজার ৬১২ জন বন্দিকে মানবতার দিক বিবেচনা করে মুক্তি দেন। কিন্তু তাদের যোদ্ধাদের ইয়েমেন সরকার মুক্তি দেয়নি। এছাড়া তিনি অভিযোগ করেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র মিলে বন্দি মুক্তিতে বাধা দেওয়ার চেষ্টা করে আসছে। রেডক্রসের সদস্যরা ৬০০ বন্দির সবার সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

ইত্তেফাক/এনএন