শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনো শর্ত নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো কথাই হয়নি। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

সম্প্রতি বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়, শেখ হাসিনার বিষয়ে ভারতের তরফ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথম শর্তটি বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে তাকে আনতে হবে এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কোনো কথাই হয়নি। প্রতিবেদনটার কোনো ভিত্তি নাই বাংলাদেশের আইনে। এটা ভারত সরকারের কোনো রেসপন্সিবল জায়গা থেকে আসেনি। এই রকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের দিক থেকে অফিশিয়ালি কিছু এলে আমরা সেটা গ্রহণ করে জবাব দিব। এর বাইরে কে কোথায় কী লিখল, সেটা দেখার সময়ও নাই, সেটা আমাদের বিষয়ও না।

শামা ওবায়েদ বলেন, আমরা মনে করি, এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী অন্য যে কোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার দরকার বলেও মন্তব্য করেন তিনি। ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার চেয়ে বিশাল ব্যাপার উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক এই একটি ব্যাপার নিয়ে সীমাবদ্ধ না। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু আছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

শেখ হাসিনাকে সাজা দেওয়াটা লক্ষ্য হলে তাকে ট্রাভেল পাশ দিয়ে আসতে দিয়ে ইমিগ্রেশনেই তাকে আটক করার সুযোগ বাংলাদেশ কেন নিবে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নিবে না। ভারত যদি রেসপন্স করে তাহলে বাংলাদেশের মানুষ ও সরকারের জন্য সহজ হয়। দিল্লিতে বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পক্ষে আবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ল ফার্ম দিয়েছে। মিশন সেটা পেয়েছে ও সরকার সেটা দেখছে। আইন অনুযায়ী নাগরিক হলেই পাসপোর্ট পাওয়া নিশ্চিত করে না। সাজাপ্রাপ্ত হলে সরকার দায়বদ্ধ না যে কাউকে পাসপোর্ট দিতে।

ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখন যে জ্বালাও পোড়াও করছে সেটাও আওয়ামী লীগ করছে। এই সন্ত্রাসী দল তো আগেও যা করেছে, এখনো তাই করছে। এই সন্ত্রাসী দল যখন আরেকটি দেশে বসে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, বাংলাদেশের সরকার হিসেবে আমাদের সেটা অ্যাড্রেস করার প্রয়োজন আছে।

ভারত ও বাংলাদেশের মধ্যকার কনস্যুলার স্থগিত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সভাটি বাতিল হয়নি, পিছিয়েছে। এটি নিয়ে ভুল তথ্য পত্রিকায় ছাপা হয়েছে। এটা সচিব পর্যায়ে হওয়ার প্রয়োজন। সুতরাং, দুই দিক থেকে আমরা এবং উনারা বলেছেন যে; কিছুদিন পরে হলে ভালো হয়।

ইত্তেফাক/এনএন