হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪

হরমুজ প্রণালির অদূরে কেশম দ্বীপের দক্ষিণে উড়তে থাকা একটি মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বাহিনীটি এই তথ্য জানায়। 

আইআরজিসি বিমানটিকে একটি ‘এমকিউএম-১৭০’ ড্রোন হিসেবে শনাক্ত করেছে এবং দাবি করেছে, এটি তাদের হাতে আটক হওয়া নবম আমেরিকান ড্রোন। এর আগে সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর একটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী।

সোমবার দিনের শুরুর দিকে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছিল, একটি ইলেকট্রনিক যুদ্ধ অভিযানের সময় কেশম দ্বীপের দক্ষিণে তারা একটি ‘এমকিউএম-১৭০’ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ইরানি বাহিনী ড্রোনটির নির্দেশনা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অবতরণ করতে বাধ্য করে এবং আকাশযানটি ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যার জবাবে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়। পরবর্তীতে জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে আলোচনা শুরু করলেও হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার উপায় নিয়ে মতবিরোধের জেরে তা স্থবির হয়ে পড়ে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ