২০ নভেম্বর অতি প্রবল রূপে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। গত সোমবার মধ্যরাতে এর অবস্থান ছিল ১২ দশমিক ১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৫ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ঘূর্ণিঝড়টি আপাতত প্রায় স্থির থাকলেও পরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াতে পারে।

মধ্যরাতের অবস্থান অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ইত্তেফাক/এসএ