উত্তর কোরিয়ার প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০

রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৬ নভেম্বর) ক্রেমলিনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জো ইয়ং-ওনকে স্বাগত জানানোর সময় তিনি এই প্রশংসা করেন।

বৈঠকের শুরুতে পুতিন বলেন, ইউক্রেনের দখলে থাকা পশ্চিম রাশিয়ার ওই অঞ্চলটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অভিযানে রুশ বাহিনীর পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারাও লড়াই করেছেন। পুতিন বলেন, ‘রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা কোরীয় যোদ্ধাদের বীরত্ব আমরা কখনো ভুলব না।’ 

তিনি আরও জানান, এই যৌথ সামরিক অভিযানের স্মরণে চলতি বছরের শেষ নাগাদ কুরস্কে একটি স্মৃতিস্তম্ভ উন্মোচন করার পরিকল্পনা রয়েছে মস্কোর। এছাড়া ওই অঞ্চলের অবকাঠামো পুনর্গঠন এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার প্রকৌশল ও নির্মাণ ইউনিটগুলোর ভূমিকারও প্রশংসা করেন তিনি।

অন্যদিকে জো ইয়ং-ওন বলেন, এই প্রতিনিধিদলের সফর পুতিনের প্রতি উত্তর কোরিয়ার দল ও সরকারের দৃঢ় সমর্থনের প্রতিফলন। তিনি একটি বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি ‘নব্য-উপনিবেশবাদ এবং নব্য-নাৎসিবাদ পুনরুজ্জীবিত করার জন্য যুক্তরাষ্ট্র ও সম্মিলিত পশ্চিমাদের প্রচেষ্টা’ মোকাবিলায় মস্কোর উদ্যোগের প্রতি পিয়ংইয়ংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দাবি করেছেন, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমবর্ধমান পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে, যার সরবরাহ প্রতি মাসে কয়েক ডজনে পৌঁছেছে। তিনি বলেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইতালিসহ ইউরোপীয় দেশগুলোর কাছে ‘সত্যিকারের কার্যকর হামলা’ চালানোর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে এবং রাশিয়ায় অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করার বিষয়ে পুনরায় আলোচনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের আমন্ত্রণে একটি দলীয় ও সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ১৪ নভেম্বর মস্কোয় পৌঁছান জো ইয়ং-ওন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পর মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে গভীর হতে থাকা সামরিক ও কূটনৈতিক সম্পর্কের মধ্যেই তার এই সফর অনুষ্ঠিত হলো।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ