মেহেরপুরের মুজিবনগরে স্ত্রী তহমিনা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার অপর আসামি ও শহিদুলের ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফুজি পাড়ার দরুদ আলীর ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, আগের চারটি বিয়ের তথ্য গোপন রেখে প্রায় ২৪ বছর আগে সাহেবপুর গ্রামের তহমিনা খাতুনকে পঞ্চম স্ত্রী হিসেবে বিয়ে করেন শহিদুল ইসলাম। ওই সময় নগদ ২ লাখ টাকা ও একটি গরু যৌতুক নেন তিনি। তাদের সংসারে তিনটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে শহিদুল আনোয়ারা খাতুন নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ষষ্ঠ বিয়ে করেন।
এরপর অন্য স্ত্রীদের প্ররোচনায় তহমিনা খাতুনকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন শহিদুল। পরবর্তীতে বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তহমিনাকে আবার বাড়িতে ডেকে আনেন তিনি। ১৫ মার্চ তহমিনার ওপর অমানবিক নির্যাতন চালানো হলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে ধরে এনে ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধে হত্যা করা হয় এবং ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে প্রচার চালানো হয়।
এ ঘটনায় নিহত তহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুরুতে থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার পাল তদন্ত করে শহিদুলকে আটক করেন। পরে মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। সিআইডির উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করে হত্যার সত্যতা পান।
তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ গঠনের পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন মামলা পরিচালনা করেন।
