দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহের নতুন ধাপ শুরু হলো।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
এদিকে এই ঐতিহাসিক অর্জনে প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এদিকে এ সাফল্যের মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের নেতৃত্বে কেক কাটার অনুষ্ঠান আয়োজন করা হয়।
জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম কেক কেটে এই আনন্দ উদ্যাপনে অংশ নেন। এ সময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিয়োজিত রাশিয়ান কর্মকর্তাদের মুখে কেক তুলে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আমি রাশিয়া সরকার, রোসাটম এবং তাদের পুরো দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে গত নয় বছর ধরে দিনরাত নিরলসভাবে কাজ করে যাওয়া আমাদের বিজ্ঞানী ও তরুণ বিজ্ঞানীদের প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা।
তিনি জানান, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অর্জন নিয়ে আমাদের সবার গর্বিত হওয়া উচিত।
মন্ত্রী উল্লেখ করেন, রাশিয়া সরকার, রোসাটমের শীর্ষ নেতৃত্ব, প্রকৌশলী, বিশেষজ্ঞ এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
