আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জয় জিম্বাবুয়ের, ইতিহাসের পাতায় নাসির

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২১:৩৭

অবশেষে ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল জিম্বাবুয়ে। মঙ্গলবার শারজায় দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে তারা। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে এটিই জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয়ের স্বাদ।

তবে হাল ছাড়েনি স্বাগতিক আফগানিস্তানও। সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষিক্ত নাসির খান। তবে অন্য প্রান্তে একের পর এক উইকেট হারিয়ে জয়ের আশা ফিকে হয়ে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থেকেও দলকে বাঁচাতে পারেননি নাসির।

সেঞ্চুরির পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাসির। একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি এর আগে ছিল মাত্র তিনজনের- জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম (দুইবার) ও রবিনচন্দ্রন অশ্বিন। টেস্ট অভিষেকেই এমন কীর্তি গড়েছেন আফগান এই ক্রিকেটার। তবে তার ব্যক্তিগত ইতিহাস গড়ার দিনটি শেষ হয়েছে দলের পরাজয়ে।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৩৯ রান করে জিম্বাবুয়ে। সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেলর। আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২১৭ রানে। একপর্যায়ে ১৫৯ রানে ৬ উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে ৪ উইকেট এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় জিম্বাবুয়ে।

সেই লিড নিয়ে মাঠে নেমে দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুতে চাপে পড়ে সফরকারীরা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ১৬৯ রানে ৭ উইকেট। টেলর আবারও দলের হাল ধরে করেন ৯০ বলে ৫০ রান। নবম উইকেটে মুজারাবানি ও গ্রায়েম ক্রেমার যোগ করেন গুরুত্বপূর্ণ ৯০ রান। মুজারাবানি ৯৩ বলে ৫৯ এবং ক্রেমার অপরাজিত থাকেন ১২৫ বলে ৫০ রানে। ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একপর্যায়ে ১০৬ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। তবে এরপর আফসার জাজাই ও ইকরাম আলিখিল প্রতিরোধ গড়েন। পঞ্চম দিন শুরু হয় ১৪৩ রানে ৫ উইকেট নিয়ে। জাজাই ২০২ বলে ৮৭ রান করে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে তার দীর্ঘ লড়াই।

নবম উইকেটে নাসির খান ও মোহাম্মদ সেলিম সাফি যোগ করেন ৫৯ রান। সেলিম সাফি ২২ রান করে আউট হলেও অপর প্রান্তে অবিচল ছিলেন নাসির। একদিকে উইকেট পড়েছে, অন্যদিকে তিনি এগিয়েছেন সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন। কিন্তু তাঁর লড়াই আফগানিস্তানকে জয়ের বন্দরে নিতে পারেনি। ১৩০.৩ ওভারে ৩৬০ রানে অলআউট হয় স্বাগতিকেরা।

 
ইত্তেফাক/এসএইচ