রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। একই স্থানে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণে কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, প্রধান ফটকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাকে ফোন করে দুটি ককটেল পড়ে থাকার কথা জানান। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অক্ষত রয়েছে।

অবিস্ফোরিত ককটেলটি উদ্ধারের জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে বলে জানান প্রক্টর।

অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে একটি ককটেল

ঘটনাস্থলে আসা কাজলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, বিস্ফোরণের শব্দ শুনে তারা সেখানে পৌঁছান। একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অক্ষত অবস্থায় পড়ে আছে। বিশেষজ্ঞ দল পৌঁছালে সেটি উদ্ধার করা হবে।

প্রক্টর মাহবুবর রহমান আরও বলেন, ‘এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন করে বলেন, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। অন্যথায় পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের মধ্যে তিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’

এদিকে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় ছাত্রদলের একদল নেতা-কর্মী ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।

ইত্তেফাক/এসজেএস