খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যে গুলিতে ব্যবসায়ীসহ আহত ২

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৪২

খুলনায় যৌথবাহিনীর অভিযান চলার মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ঘের ব্যবসায়ী সোলাইমান ফকির ওরফে সোলাই (৫৪) এবং খালেক নামের এক ভ্যানচালক। সোলাইমান ওই এলাকার নবী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে দুর্বৃত্তরা সোলাইমানকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার হাত, পা ও গলায় গুলি লাগে। এ সময় কাছাকাছি থাকা ভ্যানচালক খালেকের হাতেও গুলি লাগে। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান রাত সাড়ে ১০টার দিকে গুলির ঘটনায় দুজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহত সোলাইমান একজন ঘের ব্যবসায়ী। তার শরীরের হাত, পা ও গলায় গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

উল্লেখ্য, গত সোমবার সকাল থেকে খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। সেই অভিযান চলার মধ্যেই গুলির এ ঘটনা ঘটল।

 
ইত্তেফাক/এসজেএস