রাজধানীতে একের পর এক যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনার মধ্যে এবার রামপুরায় রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে একই রাতে রাজধানীর আরও তিনটি এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়।
এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনেও বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
