নেত্রকোনায় আবারও রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকার একটি কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, প্যান্ট পরিহিত এক যুবক কালভার্টের ওপর থাকা রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এবং মুহূর্তের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।
স্থানীয়দের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। তিনি জানান, বিকেলে রেললাইনে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং এক গ্রাম পুলিশ সদস্যের সহায়তায় তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হয়ে যাওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ওসি।
অন্যদিকে, রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্যের বরাতে ঠাকুরাকোনা রেলস্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে রেললাইনের সামান্য ক্ষতি হলেও ওই রুটে ট্রেন চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।
উল্লেখ্য, এর আগেও নেত্রকোনা জেলার চল্লিশা এলাকায় আরও দুই দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
