অর্থনৈতিক অগ্রগতির নেপথ্যে একটি দেশের যেই কয়েকটি জ্বালানি-শক্তি বিশেষ ভূমিকা রাখে— বিদ্যুৎ তাহাদের অন্যতম। শিল্পকারখানা, কৃষি, যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, এমনকি মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও বিদ্যুতের উপর নির্ভরশীল। বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা থাকিলে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, উৎপাদন ব্যয় বাড়ে, শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা কমে। উন্নয়নের স্বপ্ন যত বড়ই হউক, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ ছাড়া তাহা বাস্তবায়ন করা কঠিন। সেই বিবেচনায় বাংলাদেশের বিদ্যুৎ ইতিহাসে মঙ্গলবার একটি স্মরণীয় দিন। দেশের ইতিহাসে প্রথম বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হইতে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হইয়াছে। ইহা এখনো বাণিজ্যিক উৎপাদনের সূচনা নহে। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়া কেন্দ্রটির টারবাইন,জেনারেটর, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সহিত সমন্বিত পরিচালনার কার্যকারিতা যাচাই করা হইবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা অনুসরণ করিয়া ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়ানো হইবে। প্রয়োজনীয় পরীক্ষা, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং প্রায় ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হইলে প্রথম ইউনিট হইতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক সরবরাহের পথ খুলিবে। অর্থাৎ আজকের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ একটি দীর্ঘ যাত্রার সূচনা মাত্র; কিন্তু সূচনাটির ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করিবার উপায় নাই।
বাংলাদেশের জ্বালানি বাস্তবতা বিবেচনা করিলে পারমাণবিক বিদ্যুতের প্রয়োজনীয়তা আরো স্পষ্ট হয়। দেশীয় গ্যাসের মজুত সীমিত হইয়া আসিতেছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য বিপুল বিনিয়োগের পাশাপাশি আমদানিনির্ভরতার ঝুঁকিও রহিয়াছে। জলবিদ্যুতের সম্ভাবনা ভৌগোলিক কারণে সীমিত। সৌর ও বায়ুবিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস হইলেও উৎপাদন আবহাওয়া ও প্রাকৃতিক অবস্থার উপর নির্ভরশীল। বৃহৎ শিল্পের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করিতে একাধিক উৎসের সমন্বয় প্রয়োজন। পারমাণবিক বিদ্যুতের বিশেষত্ব হইল, তুলনামূলক অল্প পরিমাণ জ্বালানি ব্যবহার করিয়া দীর্ঘ সময় বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ইহা কার্বন নিঃসারণও তুলনামূলকভাবে কমায়। রূপপুরে দুইটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হইলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হইবার সম্ভাবনা তৈরি হইবে। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার দেশে ইহা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংযোজন। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করিলেই জ্বালানি সমস্যার সমাধান হইয়া যায় না। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ও বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াইতে হইবে। গ্রিডের স্থিতিশীলতা রক্ষা, কারিগরি দক্ষতা অর্জন এবং বিদ্যুৎকেন্দ্রের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল গড়িয়া তুলিবার ক্ষেত্রে কোনো গাফিলতি যেন না থাকে।
রূপপুর প্রকল্পের ব্যয় ও সময় লইয়াও প্রশ্ন রহিয়াছে। প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়াইয়া ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হইয়াছে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্প ব্যয়ও ২৬ হাজার কোটি টাকা বাড়িয়াছে। মোট ব্যয় দাঁড়াইতেছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। এত বড় বিনিয়োগের সুফল অবশ্যই দক্ষতার সহিত সর্বোচ্চ সক্ষমতায় ক্রমান্বয়ে জনগণের নিকট পৌঁছানো প্রয়োজন। পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। চেরনোবিল ও ফুকুশিমার অভিজ্ঞতা পৃথিবীকে স্মরণ করাইয়া দিয়াছে, সামান্য অবহেলাও কত ভয়াবহ বিপর্যয় ডাকিয়া আনিতে পারে। রূপপুরে আন্তর্জাতিক নিরাপত্তামান কঠোরভাবে অনুসরণ, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং স্বাধীন নিয়ন্ত্রক তদারকি নিশ্চিত করিতে হইবে। নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপসের অবকাশ নাই।
বাংলাদেশের সামনে এখন জ্বালানি নিরাপত্তার একটি নূতন সম্ভাবনা উন্মোচিত হইয়াছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হইলে প্রযুক্তির সহিত যুক্ত করিতে হইবে দক্ষতা, জবাবদিহিতা ও দূরদর্শী পরিকল্পনা। রূপপুরের প্রথম বিদ্যুৎ জাতীয় গ্রিডে পৌঁছানো নিঃসন্দেহে আনন্দের সংবাদ। তবে এই আনন্দের প্রকৃত সার্থকতা তখনই আসিবে, যখন পারমাণবিক বিদ্যুৎ নিরাপদ, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্নভাবে দেশের শিল্পায়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখিবে। আমরা আশাবাদী যে, আজিকার এই মাহেন্দ্রক্ষণ আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসাবে ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে ভূমিকা রাখিবে।
