রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি ‘এএন-১২’ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এর আগে গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে মৃতের সংখ্যা ১৭ বলে উল্লেখ করা হয়েছিল।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি নির্ধারিত ফ্লাইটে থাকাকালীন কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। মন্ত্রণালয় বলেছে, ‘ক্রুসহ বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন। তাদের সবাই প্রাণ হারিয়েছেন।’

প্রাথমিক তদন্তের ফলাফলের বরাতে মন্ত্রণালয় জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়া জানিয়েছে, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। একজন প্রত্যক্ষদর্শীর বিবরণের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে আগুন ধরে গিয়েছিল এবং এরপর সেটি দ্রুত নিচে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে জানিয়েছেন যে অঞ্চলটির ইয়াগুনোভো জেলায় একটি ‘বিমান দুর্ঘটনা’ ঘটেছে এবং তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরে এক ভিডিও বার্তায় তিনি জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ