সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৫৭

সিঙ্গাপুরে টানা ১৪ বছর কাজ করে দেশে গড়ে তুলেছেন স্বপ্নের বাড়ি। সেই বাড়ি দেখাতে এবার নিজের সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে নিয়ে এলেন প্রবাসী বাংলাদেশি সুমন। তার গড়া তিনতলা বাড়ি ঘুরে দেখে প্রশংসা করেছেন নিয়োগকর্তাও।

সিঙ্গাপুরে নির্মাণ খাতে কাজ করেন সুমন। দীর্ঘ প্রবাসজীবনে জমানো অর্থ দিয়ে কুমিল্লায় তৈরি করেছেন প্রায় ২ হাজার ৫০০ বর্গফুটের বাড়ি। বাড়িটির নাম দিয়েছেন ‘হোসেন ভিলা’। এটি নির্মাণে তার ব্যয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা।

সম্প্রতি বাড়িটির একটি ভিডিও প্রকাশ করে ফেসবুক পেজ ‘আল আমিন গ্রামীণ ব্লগ’। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এতে দেখা যায়, সুমন নিজেই তার বাড়ির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাচ্ছেন সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে।

বাড়িটির প্রবেশপথে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও রাখা হয়েছে। তিনতলা বাড়িতে রয়েছে পাঁচটি শয়নকক্ষ, সাজানো বাগান এবং নান্দনিক নকশার প্যাঁচানো সিঁড়ি। সিঙ্গাপুরে বিভিন্ন অভ্যন্তরীণ নির্মাণ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থেকেই বাড়িটির নকশায় কিছুটা সিঙ্গাপুরের ছোঁয়া রেখেছেন বলে ভিডিওতে জানান সুমন।

বাড়িটি ঘুরে দেখে সুমনের সাফল্যে অভিনন্দন জানান তার নিয়োগকর্তা। পাশাপাশি সুযোগ হলে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শও দেন তিনি। পরিবারের সবাইকে একসঙ্গে রাখার মতো একটি বাড়ি তৈরি করতে পারায় সুমনের প্রশংসা করেন ওই নিয়োগকর্তা।

ভিডিওতে সুমন জানান, বাড়ি নির্মাণের পরও তিনি সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

প্রবাসে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ আর সঞ্চয়ের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের এক উদাহরণ হয়ে উঠেছে সুমনের এই বাড়ি।

সূত্র: এশিয়াওয়ান

ইত্তেফাক/এবিএস