হত্যার পর মায়ের মরদেহ ট্রাঙ্কে লুকিয়ে নিখোঁজের নাটক, ছেলেসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:০০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের টাকার জন্য মতিফুল নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। হত্যার পর মতিফুলের মরদেহ ট্রাঙ্কে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলীসহ (২১) তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান এসব তথ্য জানান। এর আগে উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে  মঙ্গলবার রাত ১২টার দিকে মতিফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মতিফুল এই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী। এই ঘটনায় গ্রেপ্তার বাকি দুজন হলেন অভিযুক্ত আশরাফ আলীর বন্ধু রাহিম ও স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকির।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশরাফ আলী রাজমিস্ত্রির কাজ করেন। বেশ কয়েক বছর ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক সেবনের জন্য প্রায় মা-বাবার কাছে টাকা চাইতেন। এ নিয়ে বাবা-মার সঙ্গে তার ঝগড়াও হতো। মাকে নির্যাতনও করতেন তিনি।

পুলিশ জানায়, গত সোমবার ওই বাড়িতে তার মা ছাড়া আর কেউ ছিলেন না। এ দিন দুপুরে তিনি তার মায়ের কাছে তার গলার সোনার মালা ও কানের দুল তাকে দিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। মা তাতে আপত্তি করলে আশরাফ তার বন্ধু রাহিমকে সঙ্গে নিয়ে তার গলায় ওড়না পেচিয়ে ও তার মুখ চেপে ধরে তাকে হত্যা করে। এরপর একটি বস্তার মধ্যে দুইজন মিলে মায়ের মরদেহ তুলে বাড়িতে থাকা বড় একটি ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখে। এরপর মায়ের গলা থেকে এক ভরির মতো স্বর্ণালংকার খুলে নিয়ে পার্শ্ববর্তী মৈত্র বড়হর গ্রামের সোনা ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আশরাফ তার বন্ধু রাহিমকে নিয়ে মঙ্গলবার রাতে উল্লাপাড়া মডেল থানায় মতিফুলের নিখোঁজের বিষয়ে একটি জিডি করতে থানায় আসেন। কিন্তু তারা বেশ কিছুক্ষণ এই জিডি করার বিষয়ে দুজন নানা আলোচনা ও দ্বিধাদন্দ্ব করছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ প্রথমে তাদের আটক করে এবং তাদেরকে চাপ দিলে দুজন স্বীকার করে পুরো ঘটনা।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, পাশাপাশি আশাপাশের লোকজনও তাদের ঘরের মধ্যে পঁচা গন্ধ পায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্ক থেকে মতিফুলের মরদেহ উদ্ধার করে। গ্রেপ্তার খুনিদের তথ্যের ভিত্তিতে রাতেই স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে বলে জানান এই কর্মকর্তা।

ইত্তেফাক/এপি