জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে উন্নীত হয়েছিল ইউনিটটি। কারিগরি পরীক্ষার পরবর্তী ধাপ সম্পন্ন করার প্রস্তুতি হিসেবেই এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতির পর মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রথম ইউনিটের উৎপাদন দাঁড়ায় ৩৫০ মেগাওয়াটে। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে ঐতিহাসিক এ গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান রাত ১১টা ৫০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার পর প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়। গ্রিডের সঙ্গে জেনারেটর যুক্ত করার আগে উভয় ব্যবস্থার ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি ও অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা হয়। গ্রিড সিনক্রোনাইজেশনের পর উৎপাদন বাড়িয়ে পরীক্ষা করা হয়, বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা স্থিতিশীলভাবে কাজ করতে পারে। মঙ্গলবারের সংযোগের মধ্য দিয়ে রূপপুরের প্রথম ইউনিটে সেই পরীক্ষা শুরু হয়েছে।
ড. জাহেদুল হাসান আরও বলেন, প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়। এরপর রাত ১১টা ৫০ মিনিটের দিকে পরবর্তী কারিগরি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম ইউনিটকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও গ্রিডে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ের দুই দফা পরীক্ষার জন্য এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ধাপগুলোতে পরীক্ষার প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষা সম্পন্ন করতে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। যতক্ষণ রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে, ততক্ষণ তা গ্রাহকদের চাহিদা পূরণে কাজে লাগবে। উৎপাদন ও সরবরাহে ওঠানামার সময় জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর প্রথম ইউনিটকে পুনরায় গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’ শুরু হবে। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পারমাণবিক চুল্লি, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। বায়েরা অনুমোদনের পর শুরু হওয়া পরীক্ষামূলক পরিচালনার সময় থেকেই এ ১০ মাসের মেয়াদ গণনা করা হবে। এ পর্যায় শেষ হলে রোসাটমের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা থাকবে। তবে এটি পরীক্ষাকালীন উৎপাদনের লক্ষ্য। কোন পর্যায়ে কতটা উৎপাদন বাড়ানো সম্ভব হবে, তা নির্ভর করবে পরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে।
রিয়্যাক্টর থেকে মানুষের ঘরে: যেভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করবে রূপপুর
২০১৭ সালের ৩০ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণকাজ শুরুর পর দীর্ঘ নয় বছরের পথপরিক্রমায় এক ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। দেশের কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অধ্যায়।
কিন্তু কীভাবে রূপপুরে উৎপাদিত হবে বিদ্যুৎ? কীভাবেই বা সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে? রিয়্যাক্টরে তাপ উৎপাদন থেকে শুরু করে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডে সরবরাহ—পুরো প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক।
রিয়্যাক্টরে উৎপন্ন হবে তাপশক্তি
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হৃৎপিণ্ড বা মূল চালিকাশক্তি হলো রিয়্যাক্টর। এর ভেতরে নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন বিক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। এ প্রক্রিয়ায় নিউট্রনের আঘাতে ইউরেনিয়াম-২৩৫-এর নিউক্লিয়াস বিভাজিত হয়ে তাপশক্তি ও নতুন নিউট্রন নির্গত করে। নতুন নিউট্রনগুলো আবার অন্য ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসে আঘাত করে ধারাবাহিকভাবে ফিশন বিক্রিয়া ঘটায়।
এ বিক্রিয়ায় উৎপন্ন তাপ রিয়্যাক্টরের প্রাইমারি সার্কিটে উচ্চচাপে প্রবাহিত পানিকে উত্তপ্ত করে। শক্তিশালী পাম্পের সাহায্যে এ উত্তপ্ত পানি রিয়্যাক্টর থেকে স্টিম জেনারেটরে প্রবাহিত হয়। সেখানে প্রাইমারি সার্কিটের পানির তাপের মাধ্যমে সেকেন্ডারি সার্কিটের পানি বাষ্পে পরিণত হয়।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রাইমারি ও সেকেন্ডারি সার্কিট সম্পূর্ণ পৃথক। ফলে স্বাভাবিক পরিচালন অবস্থায় প্রাইমারি সার্কিটের তেজস্ক্রিয় পদার্থ সেকেন্ডারি সার্কিটের পানির সঙ্গে মিশে যায় না।
বাষ্পের শক্তিতে ঘুরবে টারবাইন
স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় টারবাইনে পাঠানো হয়। বাষ্পের প্রবল প্রবাহ টারবাইনের ব্লেডে আঘাত করলে টারবাইনের শ্যাফট দ্রুত ঘুরতে থাকে। রূপপুরের ৫০ হার্টজ বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় টার্বোজেনারেটরের রোটর প্রতি মিনিটে ৩ হাজার বার ঘোরে।
টারবাইনের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে জেনারেটরের রোটর। ফলে টারবাইন ঘুরলে রোটরও একই গতিতে ঘুরতে থাকে। জেনারেটরের রোটরের চারপাশে থাকে স্ট্যাটর। রোটরের চৌম্বকক্ষেত্রের ঘূর্ণনের ফলে স্ট্যাটরের কয়েলে তড়িৎচৌম্বকীয় আবেশ সৃষ্টি হয়। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের তড়িৎচৌম্বকীয় আবেশের সূত্র অনুসারেই এ প্রক্রিয়ায় যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় বৈদ্যুতিক শক্তিতে।
অর্থাৎ, রিয়্যাক্টরে উৎপন্ন তাপশক্তি থেকে তৈরি বাষ্প, বাষ্পের মাধ্যমে টারবাইনের ঘূর্ণন এবং সবশেষে জেনারেটরের সাহায্যে উৎপাদিত হয় বিদ্যুৎ।
জাতীয় গ্রিডে যুক্ত হয় রূপপুরের বিদ্যুৎ
জেনারেটরে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে স্টেপ-আপ ট্রান্সফরমারের মাধ্যমে উচ্চ ভোল্টেজে উন্নীত করা হয়। রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য ভোল্টেজ প্রায় ৪০০ কিলোভোল্টে উন্নীত করার ব্যবস্থা রয়েছে।
তবে বিদ্যুৎ উৎপাদন করলেই তা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা যায় না। গ্রিডে যুক্ত হওয়ার আগে রূপপুরের উৎপাদিত বিদ্যুতের ভোল্টেজ, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এবং দশা বা ফেজ জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হয়। এ ছাড়া ফেজ সিকোয়েন্সসহ অন্যান্য বৈদ্যুতিক শর্তও পূরণ করতে হয়।
এই গুরুত্বপূর্ণ ও জটিল প্রক্রিয়ার নাম গ্রিড সিনক্রোনাইজেশন। সব শর্ত পূরণ করে সফলভাবে গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের পরই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়।
প্রাথমিক পর্যায়ে কম উৎপাদনক্ষমতায় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। এরপর পরীক্ষার ফলাফল ও কারিগরি সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়। উৎপাদন বাড়াতে রিয়্যাক্টরের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার হার নিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি করা হয়। এতে স্টিম জেনারেটরে বেশি পরিমাণ বাষ্প উৎপন্ন হয়। সেই বাষ্প টারবাইনে প্রবাহিত হলে জেনারেটরের মাধ্যমে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়।
সাতটি সঞ্চালন লাইনে ছড়িয়ে পড়বে বিদ্যুৎ
রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ প্রায় সাতটি সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। এসব সঞ্চালন অবকাঠামোর মাধ্যমে ঢাকা, বগুড়া, গোপালগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত হবে রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ।
এরপর জাতীয় গ্রিডের সঞ্চালন ও বিতরণব্যবস্থার মাধ্যমে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ বিভিন্ন উপকেন্দ্রে পৌঁছাবে। সেখানে ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ কমিয়ে বিতরণের উপযোগী করা হবে। সবশেষে বিতরণ লাইনের মাধ্যমে সেই বিদ্যুৎ পৌঁছে যাবে বাসাবাড়ি, শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ মানুষের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে।
এভাবেই রিয়্যাক্টরের নিউক্লিয়ার ফিশন থেকে শুরু করে বাষ্প, টারবাইন, জেনারেটর, ট্রান্সফরমার ও জাতীয় গ্রিড পেরিয়ে রূপপুরের বিদ্যুৎ পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে। দেশের জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করবে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ