চবির হীরকজয়ন্তীতে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, আহত ২

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৫১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উৎসবের অনুষ্ঠানস্থলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ছাত্রশিবিরের দুই নেতা আহত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

ঘটনাস্থলে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীমসহ দুই পক্ষের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।  আহত শিবির নেতা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানস্থলে কয়েকশ নেতাকর্মী নিয়ে মিছিলসহ প্রবেশের চেষ্টা করে শাখা ছাত্রশিবির। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের ওপর হামলার অভিযোগ তুলেছে ছাত্রদল। অন্যদিকে, ছাত্রশিবিরের দুই নেতাকে মারধরের অভিযোগ করেছে শাখা ছাত্রশিবির। আহত দুই নেতা মাসুম বিল্লাহ ও মেফতাহুল আবেদিন আশিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিল ছিল। সেটা শেষ করে আমরা হীরকজয়ন্তী অনুষ্ঠানস্থলে যাই। এ সময় চবি ছাত্রদলের সভাপতি আমাদের ব্যানার ধরে টান দিয়ে প্রবেশে বাধা দেন। একপর্যায়ে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করলে আমাদের দুইজন সদস্য আহত হয়।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আজকে ছাত্রশিবির মিছিল নিয়ে প্রোগ্রামস্থলে উপস্থিত হওয়ার চেষ্টা করে। কিন্তু এটা ছিল শান্তিপূর্ণ প্রোগ্রাম। এখানে মিছিল নিয়ে আসার কথা ছিল না। তারা আমাদের সভাপতির ওপর আক্রমণ করে। আমরা এটার বিচার নিশ্চিত করব।’

জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ‘ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কিছুটা উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তরের কর্মীরা সবাইকে নিবৃত্ত করে পরিস্থিতি শান্ত করেছি।’

ইত্তেফাক/আরএইচ