আন্তর্জাতিক ইনকামিং কলের বিপরীতে অর্জিত ২৫৯ কোটি ৬২ লাখ টাকা দেশে না এনে পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখি এবং রাতুল টেলিকমের পরিচালক মো. মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক জানায়, রাতুল টেলিকমের মাধ্যমে ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৪ মাসে আন্তর্জাতিক কলসেবা রপ্তানির বিপরীতে অর্জিত ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ দশমিক ৫২ মার্কিন ডলার দেশে প্রত্যাবাসন করা হয়নি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকা ৫৬ পয়সা।
দুদকের নথি অনুযায়ী, এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ ২০২৫ সালের ১৫ জানুয়ারি মামলা নম্বর ৪৯ হিসেবে মামলাটি দায়ের করা হয়। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন সৈয়দা আরজুমান বানু, এস আমরীন রাখি ও জাহাঙ্গীর কবির নানক। তদন্তে রাতুল টেলিকমের পরিচালক ও শেয়ারহোল্ডার মো. মাসুদুর রহমান বিপ্লবের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।
দুদক জানায়, রাতুল টেলিকম বিটিআরসি থেকে আন্তর্জাতিক ইনকামিং কলসেবা পরিচালনার জন্য আইজিডব্লিউ লাইসেন্স পায়। ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ১১৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৭৪২ দশমিক ২৬ মিনিট আন্তর্জাতিক কল গ্রহণ করে।
প্রতি মিনিট কলের মূল্য শূন্য দশমিক শূন্য ৩০ মার্কিন ডলার হিসাবে এসব সেবার বিপরীতে মোট ৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৯২২ দশমিক ২৭ ডলার দেশে আনার বাধ্যবাধকতা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটির সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখার বৈদেশিক মুদ্রা ও চলতি হিসাবের তথ্য পর্যালোচনা করে দুদক দেখতে পায়, দেশে এসেছে মাত্র ১৮ লাখ ১৩ হাজার ২৪০ দশমিক ৭৫ ডলার। বাকি ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ দশমিক ৫২ ডলার দেশে আসেনি।
দুদকের তদন্তে বলা হয়েছে, ওই সময়ে রাতুল টেলিকমের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে সৈয়দা আরজুমান বানু, পরিচালক ও চেয়ারম্যান হিসেবে এস আমরীন রাখি এবং পরিচালক হিসেবে মো. মাসুদুর রহমান বিপ্লব দায়িত্ব পালন করেন। তাদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে না এনে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে বলে তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
এ ছাড়া জাহাঙ্গীর কবির নানক ওই সময়ে সংসদ-সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে স্ত্রী ও মেয়েকে অর্থ পাচারে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছে দুদক। এ অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের অনুমোদন অনুযায়ী, চারজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগপত্র দাখিল করা হবে।
