নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে ধানক্ষেত থেকে এরশাদ আলী নামে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার চান্দাশ ইউনিয়নের চাকলা ও লক্ষ্মীপুর গ্রামের মাঝামাঝি শাহপুকরা এলাকায় মরদেহটি পাওয়া যায়।
নিহত এরশাদ আলী উপজেলার সফাপুর ইউনিয়নের চোকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ আলী গরুর ব্যবসা করতেন। অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। আজ সকালে চাকলা ও লক্ষ্মীপুর গ্রামের মাঝামাঝি শাহপুকরা এলাকায় মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মহাদেবপুর থানার ওসি উমর ফারুক বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ উদ্ধার করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
