আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছে: ডিবি প্রধান

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২০:৫০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে বলে মনে করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিবি প্রধান। প্রায় সোয়া দুই কেজি গানপাউডার উদ্ধার এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চলতি মাসে ককটেল বিস্ফোরণের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এ মাসে দুটি লকডাউন হয়েছে। এর মধ্যে দলটির একটি কর্মসূচি সামনে রয়েছে। নিজেদের উপস্থিতি জানান দিতে তারা বিভিন্ন তৎপরতা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানীতে গত তিন মাসে ককটেল বিস্ফোরণের পরিসংখ্যান তুলে ধরে শফিকুল ইসলাম জানান, গত সেপ্টেম্বরে ২৭টি, অক্টোবরে ১৩টি এবং চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশ কীভাবে তথ্য পাচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে কর্মসূচির প্রচার চালানো হচ্ছে। এসব ঘোষণার সত্যতা যাচাইয়ের পাশাপাশি আগাম প্রস্তুতি নেওয়াও প্রয়োজন।

দলটির সম্ভাব্য কর্মসূচি ঘিরে রাজধানীতে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলেও জানান ডিবি প্রধান।

ইত্তেফাক/এসজেএস