২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। অর্থাৎ, কবে এবং কীভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার পুরোপুরি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব একাডেমিক কর্তৃপক্ষের হাতেই থাকছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিশনের সব সদস্যের পাশাপাশি ভার্চ্যুয়াল মাধ্যমে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যেরা অংশগ্রহণ করেন।
এর আগে গত ৯ নভেম্বর ইউজিসিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো যেন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা না নেয়। পাশাপাশি ওই সভায় নিজ নিজ আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হয়েছিল।
তবে ৯ নভেম্বরের সভার ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা ধরনের ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনার উদ্যোগ নেয় ইউজিসি। এরই পরিপ্রেক্ষিতে বুধবারের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
পর্যালোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ৯ নভেম্বরের সভার সিদ্ধান্ত বাতিল করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করতে বলা হয়েছে।
বিশেষ সভায় স্পষ্ট করা হয়, শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর ভেতরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ বিবেচনায় নিয়েই ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বরের সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছিলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা গ্রহণ শুরু হবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে বলেও তিনি উল্লেখ করেছিলেন।
এ ছাড়া পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছিল। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছিল ওই সভায়। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে যেন অন্য বিশ্ববিদ্যালয়ের তারিখ সাংঘর্ষিক না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন ইউজিসি চেয়ারম্যান, যাতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
