ডেঙ্গু-হাম পরিস্থিতি

হাসপাতালে আক্রান্ত শিশুদের নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে মায়েদের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪

মাত্র ২২ দিন বয়সি ইয়াসিন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত। গতকাল তার বয়স ছিল ১ মাস ২ দিন। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আসা এই শিশুর মা সাজেদা বেগম বলেন, ২২ দিন বয়সে জ্বর আসে; আমরা জ্বরের জন্যে ওষুধ খাওয়াই, কিন্তু জ্বরের পরে পাতলা পায়খানা, বমি শুরু হয়, তখন ডাক্তার ডেঙ্গু পরীক্ষা করাতে বলে, পরীক্ষার রিপোর্টে জানতে পারি—বাচ্চার ডেঙ্গু হয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকায় শিশু হাসপাতালে নিয়ে আসি। মায়ের প্রথম সন্তান, ছোট্ট এই শিশুকে নিয়ে হাসপাতালে উৎকণ্ঠায় দিন কাটছে সাজেদা বেগমের; বলেন, পাশেই হামের ওয়ার্ড, এখন যদি বাচ্চা হামে আক্রান্ত হয়!    

২১ নম্বর বিছানায় আছে ৫ মাস ১২ দিন বয়সি তাসোয়ার। শিশুটির মা শারমিন আরা বিথী বলেন, আমার বাচ্চার প্রথম পাতলা পায়খানা শুরু হয়, সেটা থাকে সাত-আট দিন। তারপর জ্বর শুরু হয়। একদিন পরে আমরা ডেঙ্গু পরীক্ষা করাই। যখন জানতে পারি ডেঙ্গু হয়েছে; সঙ্গে সঙ্গে রাতেই আমরা এসে হাসপাতালে ভর্তি হই। এখন দেখছি পাশেই হামের ওয়ার্ড, আতঙ্কে আছে—বাচ্চার যেন হামে আক্রান্ত না হয়। আজ দুই দিন হলে আছি হাসপাতালে। এই মা এসেছেন উত্তর বাড্ডা থেকে। বলেন, এত ছোট্ট বাচ্চাও যে ডেঙ্গু হতে পারে সেটা জানা ছিল না। 

এডিস মশার হাত থেকে রেহাই পাচ্ছে না—বড়, কিশোর-তরুণ-বৃদ্ধ কিংবা শিশুরা। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ছোট্ট শিশুদের নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে মায়েদের। আক্রান্ত শিশুদের মায়েরা বলেন, হাসপাতালে বাচ্চাকে নিয়ে কীভাবে যে দিন যাচ্ছে, আর কীভাবে যে রাত কাটছে—তা কেবল সৃষ্টিকর্তাই জানেন। বলেন, ‘আতঙ্কে বাচ্চার মুখের দিকে অপলক তাকিয়ে থাকি, কখন কী হয়!’      

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী ইত্তেফাককে বলেন, ডেঙ্গুর রোগী থাকবে। তিনি বলেন, আগে যেমন সবই ভালো হয়ে চলে যেত, জটিলতা কম ছিল, এখন কিন্তু আমরা যেসব রোগী পাচ্ছি, তিন-চার দিন পরে তাদের খুব প্রেসার কমে যাচ্ছে, পেটে ব্যথা মানে ওয়ার্নিং সাইন যেটা বলি সেটা বেশি দিচ্ছে এবং বাসায় এসব রোগী ম্যানেজমেন্ট করা সম্ভব না। এ ধরনের রোগী হাসপাতালে ভর্তি হলে ভালো ম্যানেজমেন্ট পাচ্ছে। ডিএনসিসি, ঢাকা মেডিক্যাল, অর্থাত্ সরকারি লেভেলে রোগী ম্যানেজ হচ্ছে, কিন্তু গ্রাম লেভেলে বা উপজেলা লেভেলে কিন্তু এ ধরনের ডেঙ্গু রোগী ম্যানেজ করা টাফ হয়ে যাচ্ছে। এই বিশেষজ্ঞ বলেন, মায়ের সচেতন থাকতে হবে, বাচ্চাকে এডিস মশার হাত থেকে বাঁচাতে দিনের বেলা ফুল হাতা জামা-প্যান্ট পরাতে পারে। এছাড়া, দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে। 

এই বিশেষজ্ঞ জানান, জ্বর থাকা অবস্থায় ডেঙ্গু রোগী খারাপ হয় না। জ্বর চলে যাওয়ার পরের তিন-চার দিনে ডেঙ্গু রোগীর জন্যে খারাপ সময়। এটাকে ক্রিটিক্যাল ফেইজ বলে। এই সময়টাও হয়তো অভিভাবকরা খুশি হয়ে যায় যে জ্বর চলে গেল। কিন্তু জ্বর না থাকা অবস্থায় তার প্রেসার পড়ে যেতে পারে, পেটে পানি, বুকে পানি জমা, বমি হওয়া, অস্থিরতা—যত জটিলতা এবং রোগী শকে যাওয়া বা অজ্ঞান হয়ে যেতে পারে। জ্বর চলে যাওয়ার পরের তিন-চার দিন যদি এই জটিলতাগুলো না দেখা যায়, তাহলে রোগী মোটামুটি ভালোর দিকে যায়। 

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে এক জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৮ জনে। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জনে।

গতকাল বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন এসব তথ্য জানা যায়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৭১৪ জন ভর্তি হয়েছেন। ময়মনসিংহে ৫০ জন, চট্টগ্রামে ৩১১ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, বরিশালে ২১৩ জন এবং সিলেটে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০৮ জনের। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিত্সাধীন আছেন ৫ হাজার ৬১৭ জন রোগী। অন্যদিকে, ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন।

হাম পরিস্থিতি :দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর এ হিসাব করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৩৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ১ হাজার ৩৭৬ জন এবং নিশ্চিত হামে ২৫৮ জন।

এদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৯ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৭৮৫ জন এবং হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৩৩৯ জন। এছাড়া, এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৩ জন, সিলেটে ১৫৯ জন, চট্টগ্রামে ২২৪ জন, ময়মনসিংহে ১২৪ জন, রাজশাহীতে ৩৫ জন, বরিশালে ১৪৩ জন, খুলনায় ৯১ জন এবং রংপুরে ৪৭ জন আক্রান্ত হয়।

ইত্তেফাক/এনএন