ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কথা একটাই- দেশে পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে। গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।
‘আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই’
৩৮ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকা্ল, দেশে-বিদেশে সন্ত্রাসী তত্পরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকা্লের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।
‘আসুন ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধভাবে পতিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে এক মঞ্চে দাঁড়াই’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এই বাংলাদেশকে আবারো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা দেশে এবং বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে- এই সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসীরা দেশ এবং জনগণের বিরুদ্ধে আবারও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসকল গণতান্ত্রিক দল আছেন সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই- আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সময়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
খালেদা জিয়ার সেই আওয়াজ আবারও তুলি- ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা
সরকারপ্রধান বলেন, তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে বলি, যে আওয়াজ আজকে থেকে তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়া তুলেছিলেন- দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন; আবারও আজ সেই আওয়াজ তুলে বলি, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা‘। এই হোক এই অধিবেশনের শেষ শপথ, শেষ প্রত্যাশা। তিনি বলেন, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।
‘সন্ত্রাসী গোষ্ঠী দেশ-জনগণের বিরুদ্ধে আবারও সন্ত্রাসে লিপ্ত হয়েছে, জনগণ ওদের বিষদাঁত ভেঙে দেবে’
তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদেরকে আবার চব্বিশের চেতনায় আমরা মাথা গুঁড়িয়ে দিতে চাই।
তারেক রহমান বলেন, সরকার যখন দেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরের চেষ্টা করছে, সংসদে আলোচনার মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা বিদেশে, যেখানেই থাকুক, তাদের একটাই চরিত্র- তারা সন্ত্রাসী।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকা্লের প্রসঙ্গ টেনে সংসদনেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছিল, তা দেশবাসী দেখেছে। দুইদিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও তাদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, তা দেখা গেছে। ইতালিতে বাংলাদেশের একজন নারী শিল্পীর ওপর বর্বরোচিত হামলার ঘটনাও দেশবাসী লক্ষ্য করেছে।
তিনি বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই নির্দেশ দেশবাসী দেখেছে। গণতন্ত্রকামী মানুষকে হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এসব কর্মকা্লের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়।
তারেক রহমান বলেন, তাহলে তারা কী? তাদের পরিচয় একটি-তারা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। দেশে ও বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকা্লের মাধ্যমে তারা নিজেদের পরিচয় স্পষ্ট করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী রাজনীতিকে চ্যালেঞ্জ করেছে। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাবও স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় জনগণ অন্য কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানও কেউ কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য ঘটায়নি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, স্পিকার নিজেও একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। অথচ সেই বাংলাদেশকে আবার তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে দেশে-বিদেশে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এই গোষ্ঠী।
আ.লীগের নৈরাজ্য-নাশকতা মোকাবিলায় নিজ এলাকায় গিয়ে বিএনপির এমপিদের মাঠে অবস্থান নেওয়ার নির্দেশ
এদিকে., গতকাল অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় দলীয় সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই তাদের এলাকায় অবস্থান নিতে বলেছেন তিনি। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় বিএনপির চেয়ারম্যান ও সংসদনেতা তারেক রহমান সভাপতিত্ব করেন। হুইপ আশরাফ উদ্দিন নিজান সভা পরিচালনা করেন। সভায় গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তার বাড়িতে আগুন দিয়েছে। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তার আত্মীয়-স্বজনের বাড়িঘরেও হামলা চালিয়েছে। অনেকে আহত হয়েছেন। এসময় নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
সভায় আওয়ামী লীগের অতীত রাজনৈতিক ভূমিকা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল- বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। আওয়ামী লীগের চরিত্র কেমন, তা নতুন করে বলার কিছু নেই। তাদের সেভাবেই মোকাবিলা করতে হবে।
সভায় একাধিক সংসদ সদস্য অভিযোগ করেন, প্রশাসনের অনেক কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যদের কথা শোনেন না। সভায় প্রধানমন্ত্রীর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের অব্যাহত উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি। এখনই অতিরিক্ত বল প্রয়োগের কোনো ইচ্ছাও সরকারের নেই। তবে তিনি শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে খুব শিগগির কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।
সভাসূত্র জানায়, জিলানীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে। প্রশাসন কথা শোনে না- কয়েকজন সংসদ সদস্যের এমন বক্তব্যে প্রধানমন্ত্রী কিছুটা বিরক্তি ও উষ্মা প্রকাশ করেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারি দলের সংসদ সদস্য। আপনারা কীভাবে বলেন, প্রশাসন আপনাদের কথা শোনে না? এই প্রশাসনের বিরুদ্ধে থেকেই তো আপনারা রাজনীতি করেছেন, আন্দোলন-সংগ্রামে জয়ী হয়ে এ জায়গায় এসেছেন। তারা আপনাদের কথা শুনতে বাধ্য। প্রশাসন কথা না শুনলে তাকে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।
একাধিক সংসদ সদস্য জানান, আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় সংসদ সদস্যদের মাঠে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল স্পষ্ট। তিনি বলেছেন যে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল, এই বার্তা পরিস্কার। রাজপথে থেকেই তাদের মোকাবিলা করতে হবে। চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে সবাইকে মাঠে থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও মানুষের বিপক্ষে ছিল; এখনো মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছে, নাশকতা চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মাত্র ১৫ দিনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করেছে, ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। তাদের মধ্যে অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এমন একটি দলের পক্ষে মানুষ কখনো যাবে না। আওয়ামী লীগ ফিরে আসতে চায়, কিন্তু জনগণ কেন তাদের সমর্থন করবে, প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
