২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮

রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ আর ফাঁকা গুলি, রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত ধারাবাহিক নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় এ ধরনের ঘটনা ঘটেছে। এতে চারজনের প্রাণহানি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি মিছিল করছিল। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হন। তারা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, আগামী ডিসেম্বরকে ঘিরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য তাদের কাছে আছে। গোয়েন্দা সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই মাসকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতার ছক কষছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এ কারণে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

নিহত চারজনের মধ্যে নড়াইলে দুজন, পিরোজপুরে একজন ও ফরিদপুরে একজন। তিনজনই বিএনপির নেতা। বাকি একজন পিরোজপুরে বাসের হেলপার।

পিরোজপুর: ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বুধবার ভোর ৪টার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাহক পরিবহনের বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের (২৫) দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন। সিয়াম বরিশালের বাবুগঞ্জের ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে। ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান ঘটনা নিশ্চিত করেছেন।

ফরিদপুর: মঙ্গলবার রাতে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত হন। একই সময় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

জেলায় জেলায় যা ঘটেছে

গোপালগঞ্জ: বুধবার সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা-চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বহরগুলো লঞ্চঘাটে জড়ো হয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেয়।

একই সময় গোপালগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে হামলাকারীরা ফেসবুক লাইভে এসে পাঁচতলা ভবনের নিচতলার প্যাথলজি, রিসিপশন ও এমপির ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করে। আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন দেয় তারা, হাসপাতালে ককটেলও ফাটানো হয়। তখন সেখানে প্রসূতি মা, সদ্য সিজার হওয়া রোগী ও নবজাতকসহ অনেক রোগী ভর্তি ছিলেন। তীব্র আতঙ্কের মধ্যে স্বজনেরা তাদের নিরাপদ স্থানে সরানোর চেষ্টা করেন।

গাজীপুর: শ্রীপুরে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি জাকিরুল হাসান জিকুর নেতৃত্বে মঙ্গলবার রাতে শ্রীপুর-কাপাসিয়া সড়কে মশাল মিছিল হয়। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করাই ছিল এর লক্ষ্য।

কুমিল্লা: মঙ্গলবার রাতে নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে আবারও আগুন দেওয়া হয়। টানা তৃতীয়বারের মতো বাহারের বাসভবন ও কার্যালয়ে এমন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হলো।

নাটোর: মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গুরুদাসপুরের ১৪ মাথা এলাকায় চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। কেউ হতাহত হয়নি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাখা একটি স্টাফ বাসে মোটরসাইকেলে এসে দুজন আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। এ ছাড়া রূপগঞ্জের গোলাকান্দাইলে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির কাছে দুটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয়রা একটি গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছেন। দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাজশাহী: মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল ও এরিয়া অফিসের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়। ভবনের কাচ ও জানালা ভেঙে যায়, তবে কেউ হতাহত হননি।

হবিগঞ্জ: মঙ্গলবার রাত ২টার দিকে নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়িতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়। তখন ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন। ভেতরে ক্ষতি না হলেও শাখার সামনের ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেছে।

খুলনা: মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লবণচরা থানার ওয়াজেদ নগরে একটি মুদি দোকান ও ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘ পুড়ে ছাই হয়েছে। মুদি দোকানি চার লাখ টাকা ক্ষতির দাবি করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা জেলা জজ আদালত ভবনের নিচতলায় ককটেল ছোড়া হয়, তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ছাড়া মাগরিবের আজানের সময় রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারে হামলা চালিয়ে ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম: মঙ্গলবার গভীর রাতে বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়। দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি হয়নি। এর আগে রাত ১টার দিকে নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়ায়নি। জড়িতদের খুঁজছে পুলিশ।

যশোর: গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাঘারপাড়ার নারকেলবাড়িয়া কেন্দ্রে ভেতরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। কর্মীরা দ্রুত আগুন নেভান, সম্পদের ক্ষতি হয়নি। কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে আছেন। কর্তৃপক্ষ একটি ঘটনাতেও মামলা করেনি; তবে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

নেত্রকোনা: বুধবার ভোর ৪টার দিকে বারহাট্টার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। আগুন পাশের লাকড়ির দোকানেও ছড়ায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দুটিই পুড়ে ছাই হয়ে যায়।

টাঙ্গাইল: মঙ্গলবার রাতে বাসাইল ও দেলদুয়ার উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেওয়া হয়। দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি হয়নি, জানিয়েছে পুলিশ।

বগুড়া: মঙ্গলবার রাত ১১টার দিকে মাটিডালিতে সদর উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্তের একজন ককটেল ছুড়ে পালিয়ে যায়।

রংপুর: ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়। বুধবার ভোর ৪টার দিকে পর্যটনপাড়ায় একটি মিনিবাসে এবং বেলা ২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে গ্যারেজে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে। দুটি বাসই পুড়ে ভস্মীভূত হয়েছে। এরপর রংপুর-ঢাকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চলাচল কমে গেছে।

রেললাইনে আগুন

নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মাঝে পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে মঙ্গলবার রাতে আগুন দেওয়া হয়। একই রাতে বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ভিডিও থেকে বিষয়টি জানাজানি হয়। ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে এক যুবককে কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। ৪১ সেকেন্ডের অন্য ভিডিওতে অতিথপুর স্টেশনে আগুন দেওয়ার দৃশ্য আছে। দুই স্থানের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

বাস চলাচল বন্ধ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটে বাস বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। গোপালগঞ্জ হয়ে বরিশালেও কোনো বাস চলছে না। ফলে ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-কক্সবাজারের যাত্রীরা বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।

১৯ নভেম্বরের লকডাউনে বাড়তি সতর্কতা

আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে আছে। গোয়েন্দা সূত্রের দাবি, ওই কর্মসূচিতে যানবাহন, সরকারি স্থাপনা, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পোশাকশ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কাও করছেন গোয়েন্দারা। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, পরিবহনকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

ইত্তেফাক/আইএ