কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে একদল বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।
জানা গেছে, ভোর ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে বাসার নিচতলায় থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
এ ছাড়া বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় বাড়িটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে, এমন একটি খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’
