ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে বক্সটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে আগুন জ্বলতে দেখা না গেলেও বক্সটি পোড়া অবস্থায় পাওয়া যায়।
এদিকে, একই দিন গভীর রাতে পৌর এলাকার কলেজপাড়ায় বিকট শব্দের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শব্দের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
