ক্যানসার আক্রান্তরা যেন অবহেলার শিকার না হন: ডা. জুবাইদা রহমান

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৪

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনও রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকেন। বিশেষ করে ক্যানসার আক্রান্তরা যেন অবহেলার শিকার না হন। সেদিকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশ-বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক ক্যানসার সম্মেলনে (ক্যানসার কংগ্রেস) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য হিসেবে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তা প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত, কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে।

ডা. জুবাইদা বলেন, শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।

তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

ইত্তেফাক/এমএস