কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউনের’ দিনও সচল পদ্মা সেতু

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৯:০৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী মধ্যেও স্বাভাবিক রয়েছে পদ্মা সেতু উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত ১৫ ঘণ্টায় সেতুর (মাওয়া ও জাজিরা) দুই প্রান্ত দিয়ে ৬ হাজার ২০৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা।

পদ্মা সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী লেনে ২ হাজার ৩১৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ৩২ লাখ ৯ হাজার ২০০ টাকা।

অন্যদিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী লেনে পার হয়েছে ৩ হাজার ৮৮৯টি যানবাহন। এ সময় মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ৫৪ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় ইত্তেফাক ডিজিটালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা ও সতর্কতার মধ্যে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহন পারাপারের এ পরিসংখ্যান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে সেতুটির স্বাভাবিক অবস্থার চিত্র জানান দিচ্ছে।

এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সকাল থেকে স্বাভাবিক ছিল যানবাহন চলাচলের পরিস্থিতি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের উভয়মুখী লেনে চোখে পড়েছে যানবাহনের উপস্থিতি বিকেল চারটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রান্ত দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন পারাপার হওয়ায় পদ্মা সেতুর সার্বিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর উত্তর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, সাধারণ যাত্রী পথচারীসহ যানবাহন চালকদের জানমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রাতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে পুলিশ।

ইত্তেফাক/এপি