গাইবান্ধায় এক দিনে ৩টি ম’রদেহ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৯:৫৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তাছাড়া অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই ঘটনা ঘটে। এর মধ্যে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মৃতরা হলেন, উপজেলার মাস্তা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুর মান্নানের ছেলে আব্দুল মোমিন মিয়া (৩০), একই উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখুসুখু গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহুরুল ইসলাম (৪৫), একই গ্রামের শ্রীমল রহম হাসদার ছেলে সাঁওতাল যুবক শ্রীমল হাসদা (২২) এবং উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামের মৃত. আব্দুর রগিম প্রধানের ছেলে মোতাহার হোসেন প্রধান (৬০)।

পুলিশ ও স্বজনরা জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আব্দুল মোমিন মিয়া আর ফিরে আসেননি। পরে অনেক জায়গায় খোঁজ করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে এলাকাবাসী তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

অন্যদিকে শ্রীমল হাসদার বাড়ি থেকে জহুরুল ইসলাম ও শ্রীমল হাসদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে ছিল। এতে ধারণা করা হচ্ছে মোবাইল চার্জ দিতে গিয়ে জহুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শ্রীমল হাসদাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে তারা দুইজনেই ঘটনাস্থলে প্রাণ হারান।

এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গোবিন্দগঞ্জ উপজেলা সদর থানা মোড় এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মোতাহার হোসেন প্রধানকে গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার মারা যান।

গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক স্বপন সরকার জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আব্দুল মোমিন মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, তাছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জহুরুল ইসলাম ও  শ্রীমল হাসদা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এসব ঘটনায় পৃথক পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।

ইত্তেফাক/এপি