ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলটির অফিশিয়াল ফেসবুক পেজে এ সফরের তথ্য জানানো হয়।

সফরের প্রথম অংশে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মালয়েশিয়া সফরেও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এই সফরে তার সঙ্গে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া উপস্থিত থাকবেন নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

 
ইত্তেফাক/এসএ