হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশের পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং তার অপরাধ কী, তা জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আদালতে নিজের বক্তব্য শোনার সুযোগ না পাওয়ার অভিযোগও করেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক আশরাফুল হক জ্যোতিকাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
বিকেল ৫টা ৪০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় তোলার পর তার হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেওয়া হয়। হেলমেট খোলার পরপরই কাঠগড়ার রেলিং ধরে কান্না শুরু করেন তিনি।
এর দুই মিনিট পর বিচারক এজলাসে আসেন। পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন এবং আসামিপক্ষ থেকে জামিনের আবেদন না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বিচারক এজলাস ত্যাগ করলে কাঠগড়ায় দাঁড়িয়েই আবারও কান্নায় ভেঙে পড়েন জ্যোতি।
এ সময় তিনি বলেন, ‘এ কেমন আদেশ হলো? উনি তো আমার কোনো কথাই শুনলেন না। এটা কি আগে থেকে সাজানো ছিল? আমাকে কেন গ্রেপ্তার করা হলো, কোন মামলায়—কিছুই জানি না। কী অপরাধ আমার? সারা দিন আমার পরিবারের কারও সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি।’
পরে কঠোর নিরাপত্তায় পুলিশ সদস্যরা তাকে আদালত থেকে নিচে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যান।
জ্যোতিকাকে কারাগারে আটক রাখার আবেদনে ডিবি জানায়, তথ্যপ্রযুক্তি ও বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
