রোহিঙ্গা গণহত্যা

আইসিজের বিপক্ষে ভোট দিলেন ফ্রান্স, চীন ও জার্মানিসহ ৬ দেশের বিচারপতি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২১:২২

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকেরা। বৃহস্পতিবার ৯-৬ ভোটে দেওয়া এ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছেন ছয় বিচারপতি। তাদের মধ্যে রয়েছেন উগান্ডা, স্লোভাকিয়া, ফ্রান্স, চীন ও জার্মানির বিচারপতিরা। বাকি একজন মিয়ানমারের নিয়োগ করা জার্মান অ্যাড হক বিচারপতি ক্রেস।

গণহত্যা সংঘটনের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়া ছয় বিচারপতি হলেন আইসিজের ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে (উগান্ডা), বিচারপতি তোমকা (স্লোভাকিয়া), আব্রাহাম (ফ্রান্স), শুয়ে (চীন), নোল্টে (জার্মানি) এবং অ্যাড হক বিচারপতি ক্রেস।

অন্যদিকে সিদ্ধান্তের পক্ষে ভোট দেন আদালতের প্রেসিডেন্ট ইওয়াসাওয়া (জাপান), বিচারপতি চার্লসওয়ার্থ (অস্ট্রেলিয়া), ব্র্যান্ট (ব্রাজিল), গোমেজ রব্লেদো (মেক্সিকো), ক্লিভল্যান্ড (যুক্তরাষ্ট্র), অরেস্কু (রোমানিয়া), ত্লাদি (দক্ষিণ আফ্রিকা), হামুদ (জর্ডান) এবং অ্যাড হক বিচারপতি নাভি পিল্লাই (দক্ষিণ আফ্রিকা)।

একই ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটন প্রতিরোধের বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে মিয়ানমার। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর নিশ্চয়তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

তবে বেসরকারি ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটনে মিয়ানমার সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেয়নি বলে ১৪-১ ভোটে সিদ্ধান্ত দেন বিচারকেরা। এ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন শুধু বিচারপতি হামুদ।

গণহত্যা এবং গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে নিষিদ্ধ অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে ১১-৪ ভোটে মিয়ানমারকে দায়ী করা হয়। এ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে এবং বিচারপতি তোমকা, আব্রাহাম ও শুয়ে।

এ ছাড়া ২০২০ সালের ২৩ জানুয়ারি দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ ধ্বংস ঠেকানো ও সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার বিষয়েও ১১-৪ ভোটে মিয়ানমারকে দায়ী করা হয়। এ সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন সেবুতিন্দে, আব্রাহাম, শুয়ে ও নোল্টে।

গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত এবং প্রয়োজনে বিচার ও শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ ১৩-২ ভোটে গৃহীত হয়। এ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন সেবুতিন্দে ও আব্রাহাম।

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং পূর্বাবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশ ১০-৫ ভোটে অনুমোদিত হয়। এ সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন সেবুতিন্দে, আব্রাহাম, শুয়ে, নোল্টে ও অ্যাড হক বিচারপতি ক্রেস। ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি নির্ধারণে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্তও একই ভোটে গৃহীত হয়।

আইসিজের রায়ের কার্যকরী অংশ চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মামলার পক্ষগুলোর জন্য এ রায় বাধ্যতামূলক। আদালতের সব সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড হক বিচারপতি ও শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই।

ইত্তেফাক/এসএ