গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে তার বাড়িতে আগুন দেওয়া হয়। পরে দুপুরে সেখানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
মুসাদ্দিক জানান, তার পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। তবে তাদের গ্রামের বাড়িতেও নিয়মিত যাতায়াত রয়েছে। তার মেজ ভাই কয়েক বছর ধরে গ্রামের বাড়িতে থাকেন। তার বাবাও প্রতি সপ্তাহে ঢাকা থেকে এলাকায় যাওয়া-আসা করেন।
মুসাদ্দিকের ভাষ্য, গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাড়িতে হামলার প্রচারণা চালানো হচ্ছিল। এ পরিস্থিতিতে তিনি বাবাকে আপাতত গ্রামের বাড়িতে যেতে নিষেধ করেছিলেন। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে না থাকলেও ফুপুসহ কয়েকজন আত্মীয় সেখানে ছিলেন।
হামলার আশঙ্কা বুঝতে পেরে আগুন দেওয়ার এক থেকে দুই মিনিট আগে বাড়িতে থাকা স্বজনেরা নিরাপদ স্থানে সরে যান বলে জানান মুসাদ্দিক। তিনি অভিযোগ করেন, সাবেক সরকারের মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তার বাড়িতে আগুন দিয়েছেন। একই সময়ে মুকসুদপুর থানাও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ কারণে সেখানে আইনি প্রতিকার চাওয়ার সুযোগ নেই এবং সরকারের ওপরও তার আস্থা নেই বলে মন্তব্য করেন এই ডাকসু নেতা।
ডাকসুর প্রতিবাদ, জামায়াত আমিরের ফোন
মুসাদ্দিকের বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ডাকসু। সংগঠনটি এ ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ন্যক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার বিকেলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসাদ্দিকের পৈতৃক বাড়ি ভেবে প্রথমে তার ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয়। পরে পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কয়েক দিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুসাদ্দিকের বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিল। হামলার আশঙ্কার কথা একাধিকবার প্রশাসনকে জানানো হলেও প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ডাকসু অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে হামলার আগে দেওয়া উসকানি ও হুমকির ঘটনা তদন্ত করে পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মুসাদ্দিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার বিষয়টিও তদন্তের দাবি জানানো হয়েছে।
এদিকে হামলার পর মুসাদ্দিককে ফোন করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মুসাদ্দিক জানান, শফিকুর রহমান তার ও পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন এবং ঘটনার জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মুসাদ্দিক বলেন, বিরোধীদলীয় নেতা তাকে ও তার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর সাহায্য কামনা করে তার জন্য দোয়া করেছেন এবং তার বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
