তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না: বিশ্বব্যাংক

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:০০

স্বল্প রাজস্ব আদায়, ক্রমবর্ধমান অনুন্নয়ন ব্যয় এবং জ্বালানি খাতের ভর্তুকির চাপে বাংলাদেশের উন্নয়নমূলক খাতে বিনিয়োগ সংকুচিত হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার  প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল স্তম্ভ করতে হবে। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ঢালাও ভর্তুকির বদলে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক সহায়তা চালুর সুপারিশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে দেশের সামষ্টিক অর্থনীতির প্রধান দুর্বলতাগুলো তুলে ধরা হয়েছে। এর একটি হলো কর্মসংস্থানে স্থবিরতা। প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম প্রতি পাঁচ জন নারীর মধ্যে তিন জনই শ্রমবাজারের বাইরে এবং মোট শ্রমশক্তির ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। অর্থনীতির আরেকটি বড় দুর্বলতা রাজস্ব আয়। ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশে কর আদায় ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের অর্ধেকেরও কম। অর্থনীতির আরেকটি দুর্বলতা হলো উন্নয়ন ও শিক্ষা খাতে স্বল্প ব্যয়।

২০২১-২০২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৪-২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। শিক্ষা খাতে ব্যয়ও জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। ঋণের সুদ পরিশোধের চাপ অর্থনীতির আরেকটি বড় দুর্বলতা। ২০১৬-২০১৭ অর্থবছরে সুদ পরিশোধ ব্যয় জিডিপির ১ দশমিক ৫ শতাংশ থাকলেও চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে। অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ সীমিত করতে পারে। প্রতিবেদনে জ্বালানি ভর্তুকির বোঝা বেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। বিদ্যুত্ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৭-২০১৮ অর্থবছরের জিডিপির ০ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২০২৫ অর্থবছরে ১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধিতে এই চাপ আরো বাড়ার শঙ্কা রয়েছে।

রাজস্বের পরিসর বাড়াতে বিশ্বব্যাংক পাঁচটি জরুরি পদক্ষেপের পরামর্শ দিয়েছে। এর মধ্যে কর প্রশাসনের আধুনিকায়নে বিষয়ে বলা হয়েছে, করনীতি প্রণয়ন থেকে কর প্রশাসনকে আলাদা করা, ডিজিটাল ব্যবস্থার সমন্বয় এবং একক করদাতা শনাক্তকরণ নম্বর চালু করা প্রয়োজন। কর অব্যাহতি কমিয়ে আনার তাগিদ দিয়ে বলা হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ জিডিপির ৬ দশমিক ৯ শতাংশে পৌঁছেছিল, যা প্রায় মোট আদায় করা কর রাজস্বের সমান। তাই ভ্যাট ও বাণিজ্য শুল্ক সংস্কারের পাশাপাশি অপ্রয়োজনীয় কর অব্যাহতি কমিয়ে আনতে হবে। জ্বালানির মূল্য নির্ধারণে একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে নিয়মভিত্তিক এবং উত্পাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা প্রয়োজন।

দরিদ্রদের সুরক্ষা নিশ্চিত করতে ভর্তুকি আরো সুনির্দিষ্ট করার সুপারিশ করা হয়েছে। দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। তাই ঢালাও ভর্তুকির বদলে শক্তিশালী সামাজিক নিবন্ধন ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফরমের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে সরাসরি লক্ষ্যভিত্তিক সহায়তা দিতে হবে। মানসম্মত বিনিয়োগের তাগিদ দিয়ে বলা হয়েছে, সংস্কারের মাধ্যমে অর্জিত বাড়তি অর্থ স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে ব্যয় করতে হবে।

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, এই সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।

ইত্তেফাক/এএম