বিনোদনবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রকাশিত সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় জায়গা পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে স্থান পেয়েছেন শাহরুখ। ভারতীয় কোনো ভাষার অন্য কোনো অভিনেতা তালিকায় জায়গা পাননি।
ভ্যারাইটির তালিকায় প্রথম স্থানে রয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। শীর্ষ দশে আরও রয়েছেন হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়াটিয়ে, মার্লোন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।
সমসাময়িক তারকাদের মধ্যে জুলিয়া রবার্টস ১৩তম, অড্রে হেপবার্ন ২৬তম, রবার্ট ডাউনি জুনিয়র ৭৪তম, রায়ান গসলিং ৭৭তম, রবার্ট প্যাটিনসন ৮৩তম, টিমোথি শ্যালামে ৮৬তম, জোয়াকিন ফিনিক্স ৯৩তম, এমা স্টোন ৯৪তম এবং জেন্ডায়া ৯৮তম অবস্থানে রয়েছেন। শাহরুখের প্রতিনিধিত্বশীল চলচ্চিত্র হিসেবে তালিকায় উল্লেখ করা হয়েছে সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় নির্মিত ‘দেবদাস’।
১৯৮০-এর দশকের শেষ দিকে টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শাহরুখ খান। এরপর ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘কিং খান’ ও ‘বলিউডের বাদশাহ’ হিসেবে পরিচিত এই অভিনেতা বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি অর্জন করেছেন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কয়েকটি চলচ্চিত্রের ব্যবসায়িক ব্যর্থতার পর ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে আবারও বক্স অফিসে সাফল্য পান শাহরুখ।
আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের পরবর্তী চলচ্চিত্র ‘কিং’। এতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করেছেন। চলচ্চিত্রটি দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার।
এর আগে ২০০৮ সালে নিউজউইক তাঁকে বিশ্বের ৫০ ক্ষমতাধর ব্যক্তির তালিকায় রেখেছিল। ২০২২ সালে এম্পায়ার ম্যাগাজিনের পাঠকদের ভোটে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা পান তিনি। ওই তালিকাতেও একমাত্র ভারতীয় ছিলেন শাহরুখ। ২০২৩ সালে টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
