বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল বের করাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।
হলের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাতে মেজবাউল হক মিজু কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ছাত্রলীগবিরোধী মিছিল বের করতে গেলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তার পক্ষের নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হুমকি-ধমকির ঘটনাও ঘটে। পরে মিছিল শেষে হলে ফিরে আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে।
মেজবাউল হক মিজুর অভিযোগ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর হামলা চালান। সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ওই হামলায় অংশ নেন বলে দাবি করেন তিনি।
মিজু আরও বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিও আহত হয়েছেন। এ সময় তার পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে দেওয়া হয়। এ ঘটনার দায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তায়েফ মাহমুদ। তিনি বলেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এরপর ৫ নভেম্বর জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বৈঠকে উসকানির প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করা হয়েছিল। সর্বশেষ ছাত্রলীগবিরোধী মিছিলের আগে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি নেওয়া হয়েছে কি না, তা জানতে চাওয়ায় আবারও হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা সিফাত মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করেন তিনি।
তায়েফের অভিযোগ, একটি পক্ষ সাংগঠনিক পদ ব্যবহার করে ছাত্রদলের মধ্যে বিভক্তি তৈরি এবং সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওই পক্ষের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় নেতা আতিক, শফিক ও শোয়াইবের নির্দেশনা অনুযায়ী একক নেতৃত্বের অধীনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা জানান তায়েফ। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, সংঘর্ষের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তার দাবি, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করা এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। মেজবাউল হক মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা না করে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
