টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ কমে গেছে। এতে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় বিভিন্ন ধরনের সবজি আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের ভাষ্য, বৃষ্টির কারণে কৃষকেরা ক্ষেত থেকে সবজি সংগ্রহ করতে পারেননি। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার পাইকারি বাজারে সবজিবোঝাই ট্রাকের সংখ্যাও কমেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি কেজি পটল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ও উচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, গোল বেগুন ১০০ টাকা এবং বরবটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া ধুন্দুল, মুলা, শসা, কচু ও শালগমের কেজি ৮০ টাকা করে। মানভেদে শিমের দাম ১০০ থেকে ১২০ টাকা। নতুন টমেটো প্রতি কেজি ১৬০ টাকা এবং পুরোনো টমেটো ২২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি জালি ও লাউয়ের দাম ৬০ টাকা। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন বলেন, বৃষ্টির কারণে আজ সবজির দাম বেড়েছে। দুই দিন আগের তুলনায় প্রায় সব ধরনের সবজিই বেশি দামে কিনতে হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল সারাদিন বৃষ্টির পর শুক্রবার সকালেও বৃষ্টি হওয়ায় সরবরাহে প্রভাব পড়েছে বলে মনে করছেন তিনি।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলমও সরবরাহ কমে যাওয়াকে দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সকালে কারওয়ান বাজারে পাইকারি সবজি কিনতে গিয়ে পণ্যের সংকট দেখা গেছে। বৃষ্টির কারণে কৃষকেরা ক্ষেত থেকে সবজি তুলতে না পারায় দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার পাইকারি বাজারে তুলনামূলক কম ট্রাক এসেছে। ফলে চাহিদা অনুযায়ী সবজি না পাওয়ায় দাম বেড়েছে।
খোরশেদ আলমের ধারণা, বৃষ্টির প্রভাব থাকায় আরও কিছুদিন সবজির দাম চড়া থাকতে পারে। তবে বৃষ্টি থেমে সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে। তার মতে, শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে সবজির সরবরাহ বাড়ার কথা। শীতজুড়ে সবজির উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকলে দামও তুলনামূলক কম থাকবে।
