চোট পিছু ছাড়ছে না বাংলাদেশের গতি তারকা নাহিদ রানার। গত সেপ্টেম্বরে পুনর্বাসন চলাকালেই আবারও চোটে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর শরণাপন্ন হওয়ার পর বর্তমানে নিবিড় পুনর্বাসন সেশনে সময় কাটাচ্ছেন এই পেসার।
অস্ট্রেলিয়ার মাটিতেই শুরু করেন বোলিং অনুশীলন। পরে কয়েকদিন আগে দেশে ফিরেছেন নাহিদ। অজি চিকিৎসকরা তাকে ফিট বলে ক্লিয়ারেন্স দিয়েছেন। বৃহস্পতিবার বিসিবির ডাক্তারদেরও দেখিয়েছেন নাহিদ। জানা গেছে পূর্ণ ফিট হয়ে উঠেছেন তিনি।
চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজে তিনি খেলবেন কিনা সেটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। তার আগে দিতে হবে ফিটনেস পরীক্ষা। সেখানে উতরে গেলেই তবে আফ্রিকা সিরিজের জন্য বিবেচিত হবেন বলে জানা গেল।
বিসিবির একজন কর্মকর্তা জানান, ‘সে ফিট। এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। তার আগে ওয়ার্কলোড এবং ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে।’ অবশ্য নাহিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি।
