জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) প্রথমবারের মতো দুই অঙ্কের অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের সূচকে ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। ২০২৪ সালের জরিপে ১০০তম অবস্থানে থাকা দেশটি এবার তিন ধাপ এগিয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এবার দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ইজিডিআই স্কোর (০ দশমিক ৬৮৯৩) অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে ‘উচ্চ ইজিডিআই’ (হাই ইজিডিআই) শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে দেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, সূচকটির দুটি উপাদানেও বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এর মধ্যে ‘অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই)’ স্কোর দাঁড়িয়েছে ০ দশমিক ৮১ এবং ‘টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স (টিআইআই)’ স্কোর হয়েছে ০ দশমিক ৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর অন্তর এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে। ‘জাতিসংঘ ই-গভর্নমেন্ট জরিপ ২০২৬’-এর ফলাফল অনুযায়ী, এই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।
সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো দেশের ই-গভর্নমেন্ট ব্যবহারের প্রস্তুতি, সক্ষমতা ও অগ্রগতি নির্দেশ করে ইজিডিআই সূচক। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স এই তিনটি সূচকের সমন্বিত গড় হিসাব করে এটি নির্ণয় করা হয়।
এবারের জরিপে বিশ্বব্যাপী গড় ইজিডিআই স্কোর ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে বৈশ্বিক গড় স্কোর ছিল ০ দশমিক ৬৩৮২, যা ২০২৬ সালে দাঁড়িয়েছে ০ দশমিক ৬৬৭৫-এ। বাংলাদেশের অর্জিত ০ দশমিক ৬৮৯৩ স্কোর এই বৈশ্বিক গড়ের চেয়েও বেশি।
মূল্যায়ন করা ১৯৪টি দেশের মধ্যে বর্তমানে ১৫১টি দেশ ‘উচ্চ’ অথবা ‘অতি উচ্চ’ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ সালের প্রতিবেদনে এই সংখ্যা ছিল ১৩৮টি।
