নরসিংদীর বেলাবো ও পলাশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পৃথক এ ঘটনায় বেলাবোর একটি শাখায় আগুনে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। পলাশের শাখায় আগুন লাগলেও তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।
ব্যাংকটির নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ শব্দ শুনতে পান। পরে পোড়া গন্ধ পেয়ে গেট খুলে বাইরে আগুন দেখতে পান। এরপর ব্যাংকের কর্মকর্তাকে ডেকে পানি দিয়ে আগুন নেভান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।
জিনারদী শাখার ব্যবস্থাপক সুমি বলেন, আগুনে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ব্যাংকটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। একটিতে সামান্য আগুন জ্বলে, অন্যটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় জিডি হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে বেলাবো উপজেলার গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয় লক্ষ্য করেও আগুন নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। তবে গুরুত্বপূর্ণ কোনো নথি ক্ষতিগ্রস্ত হয়নি।
শাখাটির ব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, তিনি ভবনের ওপরের তলায় থাকায় আগুনের বিষয়টি দ্রুত জানতে পারেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরল মরমু বলেন, রাত ৩টার পর দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
