পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব: শেখ রবিউল

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২০:৩৫

সরকার গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরেই দেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, রেল, নৌ ও সড়ক যোগাযোগ এবং সেতু খাতের জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। 

শেখ রবিউল আলম বলেন, রেল, নৌ ও সড়ক যোগাযোগ এবং সেতু খাতের জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সরকার ইতোমধ্যে হাতে নিয়েছে। তার ভাষায়, বর্তমান ম্যান্ডেটের আওতায় এই পাঁচ বছরে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।


ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়নে তিনটি বিকল্প অপশন চূড়ান্ত করা হয়েছে। প্রথম অপশনে পুরো ১৩২ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা ছিল। তবে বিস্তারিত পর্যালোচনার পর দ্বিতীয় অপশনটি উপযুক্ত মনে করছে সরকার। এ পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৫৪ কিলোমিটার অংশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং বাকি অংশ নির্মিত হবে অ্যাট গ্রেড পদ্ধতিতে।

মন্ত্রী বলেন, প্রকল্পটিতে এক্সেস কন্ট্রোল ব্যবস্থা থাকবে। পুরো পথ এলিভেটেড করা হলে তা অর্থনৈতিকভাবে খুব বেশি সাশ্রয়ী হবে না। এ কারণে দ্বিতীয় বিকল্পটি আমাদের কাছে উপযুক্ত মনে হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী্র  কাছে যাব। তিনি সবকিছু জেনে-বুঝে যে সিদ্ধান্তটা দেবেন, আমার বিশ্বাস সেটা আমরা গ্রহণ করতে পারব।

মন্ত্রী আরও জানান, দ্বিতীয় অপশন অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হলে এক বছরের মধ্যে কাজ শুরু করা সম্ভব হতে পারে। তবে পুরো ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এলিভেটেড করার পরিকল্পনা নেওয়া হলে প্রকল্পের কাজ শুরু করতে আরও বেশি সময় লাগতে পারে।

পদ্মা দ্বিতীয় সেতু প্রকল্পের অগ্রগতি সম্পর্কে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির অর্থায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। নির্বাচনী ইশতেহারেও এটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রীর নজরে আনার পর দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি শুরু করা হয়েছে। একই সঙ্গে বিস্তারিত নকশা তৈরির কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা-কুমিল্লা কড লাইন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুরো লাইন এলিভেটেড করার পরিকল্পনা রয়েছে। এতে জমি অধিগ্রহণের প্রয়োজন কমবে, প্রকল্প বাস্তবায়নের জটিলতা হ্রাস পাবে এবং তুলনামূলক কম সময়ে কাজ শেষ করা সম্ভব হবে। তাদের বিবেচনায় এ পদ্ধতিতে প্রকল্পটির ব্যয়ও তুলনামূলক সাশ্রয়ী হবে। তবে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দীর্ঘ প্রক্রিয়ার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত থেকে বাস্তবায়ন পর্যায়ে যেতে এক থেকে দেড় বছর সময় লেগে যায়। এরপর বাস্তবায়নে আরও তিন থেকে চার বছর সময় প্রয়োজন হয়। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ে সক্ষমতার কিছু ঘাটতিও রয়েছে।

তিনি বলেন, এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এবং আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে যেসব প্রকল্প জনগণের জন্য জরুরি, বিশেষ করে অবকাঠামোর ক্ষেত্রে রেল, নৌ ও সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের অধীনে— সেগুলো আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি। যে কয়টা প্রকল্পের কথা তুললেন, এর প্রত্যেকটাই গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কোনো প্রকল্পের ডিপিপি প্রস্তুতের কাজ চলছে, কোনো প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। আবার কোনো প্রকল্পের ডিপিপি ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। প্রকল্পগুলোর অর্থায়নের উৎস নির্ধারণ নিয়েও কাজ চলছে।

নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয় মাসের অভিজ্ঞতায় আমি এবং প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট খাতের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন সম্পন্ন করতে পারলে যোগাযোগ ও অবকাঠামো খাতে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

ইত্তেফাক/এমএসআর